আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে ঢাকায় আয়োজিত এক সেমিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বর্তমান সংবিধান দিয়ে গণতন্ত্র রক্ষা সম্ভব নয়, তাই নতুন সংবিধান রচনার প্রয়োজন। তিনি বলেন, “জুলাই সনদের বাস্তবায়নে আইনি ভিত্তি থাকতে হবে। শুধু রাজনৈতিক অঙ্গীকার দিয়ে এটি সম্ভব নয়।”

‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই?’ শীর্ষক সেমিনারে আখতার হোসেন আরও বলেন, “আমরা এমন একটি সংবিধান চাই, যা জনগণের অভিপ্রায় ধারণ করে এবং গণতন্ত্রকে সুরক্ষিত রাখে।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “বর্তমান সংবিধান মৃত। এটি ‘ডেথ কনস্টিটিউশন’। অথচ স্টাবলিশমেন্ট এটিকে জীবিত দেখানোর চেষ্টা করছে।” তিনি অভিযোগ করেন, সংবিধানের ১০৬ ধারার ভিত্তিতে গঠিত বর্তমান সরকার ‘মহাধাপ্পাবাজি’র মাধ্যমে ক্ষমতায় এসেছে।

তুষার বলেন, “১০৬ ধারার রেফারেন্স পাঠানো হয়েছিল একজন পলাতক প্রধান বিচারপতির কাছে। কোনো শুনানি হয়নি, অথচ সেই রেফারেন্সের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে। আমরা জানতে চাই, ১০৬ এর সার্টিফাইড কপি কোথায়?”

তিনি আরও সতর্ক করেন, “সংবিধান সংস্কার না হলে আবার গণঅভ্যুত্থান ঘটবে। পরবর্তী নির্বাচন হবে নতুন সংবিধানের অধীনে।”

Facebook Comments Box