কুড়িগ্রাম, ১৯ সেপ্টেম্বর ২০২৫: ভারতের সীমান্তে নির্মমভাবে নিহত কিশোরী ফেলানীর ছোট ভাই আরফান হোসেন এবার বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি পেয়েছেন। ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র গ্রহণের মাধ্যমে তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।

২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারানো ১৫ বছর বয়সী ফেলানীর মৃত্যু দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। সেই ঘটনার পর থেকে পরিবারটি ন্যায়বিচারের অপেক্ষায় ছিল।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আরফান বিজিবিতে যোগদানের সুযোগ পান। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম তার হাতে নিয়োগপত্র তুলে দেন।

আরফান বলেন, “ফেলানীর মৃত্যুর পর থেকেই আমার ইচ্ছা ছিল দেশের জন্য কাজ করার। আজ সেই গর্বিত স্বপ্ন পূরণ হলো।” তিনি বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানান দেশের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য।

ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, “আমার মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছিল, তা আজও আমাদের কাঁদায়। বিজিবি সবসময় আমাদের পাশে ছিল। আজ ছেলের চাকরি আমাদের পরিবারে নতুন আশার সঞ্চার করেছে।”

বিজিবি কর্মকর্তা মেহেদী ইমাম জানান, আরফান আগামী ১৯ সেপ্টেম্বর প্রশিক্ষণে অংশ নেবেন। তিনি আশা প্রকাশ করেন, আরফান একজন দক্ষ বিজিবি সদস্য হিসেবে দেশের সেবায় নিয়োজিত থাকবেন।

তিনি আরও বলেন, “ফেলানীর মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

Facebook Comments Box