ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ — বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও লিঙ্গসমতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে হাইকমিশনার কুকের সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ইন্টারনাল পলিটিকস প্রধান কেট ওয়ার্ড এবং সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার তাহেরা জাবীন। এনসিপি প্রতিনিধিদলে ছিলেন ড. তাজনূভা জাবীন, মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম, মাহমুদা মিতু, সাদিয়া ফারজানা, হোমায়রা নূর ও তানহা শান্তা। আন্তর্জাতিক সম্পর্ক সেলের ডেপুটি লিড আলাউদ্দিন মোহাম্মদও উপস্থিত ছিলেন।আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় নারী নেতৃত্বের ভূমিকা, তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতা এবং সংস্কার কমিশনে অংশগ্রহণের বিষয়গুলো উঠে আসে। এনসিপির নেত্রীরা ভবিষ্যৎ রাজনৈতিক চিত্র নির্মাণে নারীর সুযোগ ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
হাইকমিশনার কুক বলেন, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা যুক্তরাজ্যের উন্নয়ন সহযোগিতায় সবসময় অগ্রাধিকার পায়। উভয় পক্ষ রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ বাড়ানো, জনগণের সম্পৃক্ততা গভীর করা এবং সংস্কার কার্যক্রমে নাগরিক প্রত্যাশা প্রতিফলিত করার গুরুত্বে একমত হন।
মন্তব্য করুন