জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে দলীয় প্রতীক চয়ন করতে ৫০টি বিকল্প প্রতীকের তালিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসি সচিবালয়ের নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে এ সংক্রান্ত চিঠি পাঠান।

তবে তালিকায় এনসিপির দাবি করা শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নেই। দলটি আবেদনপত্রে শাপলা, কলম ও মোবাইল ফোনকে পছন্দের ক্রমে উল্লেখ করলেও পরে শুধুমাত্র শাপলা—লাল বা সাদা রঙে—প্রতীক হিসেবে দাবি করে।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী শাপলা প্রতীক সংরক্ষিত তালিকায় নেই। ফলে এনসিপিকে সংরক্ষিত প্রতীক তালিকা থেকে যেকোনো একটি বেছে নিতে হবে এবং আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে তা জানাতে হবে।

ইসির পাঠানো ৫০টি প্রতীকের তালিকায় রয়েছে—আলমারি, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনের ১১৫টি সংরক্ষিত প্রতীকের বাইরে কোনো প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।

অন্যদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী ২২ সেপ্টেম্বর বলেন, “শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা ছাড়া অন্য কিছু চাই না। এর বাইরে কিছু হলে সেটা হবে ষড়যন্ত্র।”

ইসি সচিব ২৩ সেপ্টেম্বর স্পষ্ট করে বলেন, “শাপলা প্রতীক কমিশনের তালিকায় নেই। তাই জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক পাবে না।”

Facebook Comments Box