শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। তার মতে, আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ হওয়া উচিত কেবল বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে বিএনপি আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আসছে। তবে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আলোচনার সময় তিনি অভিযোগ করেন, “গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে।” এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা জানান, প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে নামতে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। তবে সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তফসিল প্রকাশের পর।
গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে একসঙ্গে থাকবে।

মন্তব্য করুন