খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে জুম্ম ছাত্র-জনতা যে অবরোধ কর্মসূচি স্থগিত রেখেছিল, তা শনিবার (৪ অক্টোবর) সকালে পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংগঠনটি। তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে আট দফা দাবির বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ অক্টোবর জেলা প্রশাসক, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে আন্দোলনকারীরা হত্যাকাণ্ড, লুটপাট ও অগ্নিসংযোগের পৃথক তদন্ত, ধর্ষণ মামলার বাকি আসামিদের গ্রেফতার, আহতদের পুনর্বাসন এবং আন্দোলনের সময় আটককৃতদের মুক্তির দাবি তুলে ধরেন।

প্রশাসন এসব দাবির বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেয়। তবে জুম্ম ছাত্র-জনতা সতর্ক করে জানিয়েছে, দাবিগুলো পূরণ না হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে পারে।

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীর ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতা সড়ক অবরোধের ডাক দেয়। এর জেরে খাগড়াছড়ি শহর ও রামগড় উপজেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রাণ হারান তিনজন, আহত হন অর্ধশতাধিক।

তবে তিন সদস্যের চিকিৎসক দলের পরীক্ষায় ভুক্তভোগী কিশোরীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

Facebook Comments Box