বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি ও আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে। ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে বাড়ি ভাড়া ভাতা পাবেন।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, “বেসরকারি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়াও দ্রুত বাস্তবায়ন করা হবে।”
পাঠ্যবই ছাপার ক্ষেত্রে নির্ভুলতা নিশ্চিত করতে এনসিটিবির সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের শিক্ষক, শিক্ষা প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন