ঢাকা, ৬ অক্টোবর ২০২৫: রাজধানীর গুলশানে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসভবনে সোমবার বিকেলে নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতরা প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে এই বৈঠককে কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বস্ত সূত্র জানায়, বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অংশগ্রহণ এবং দলটির কার্যক্রম পুনরায় শুরু করার সম্ভাবনা। কূটনীতিকরা জানতে চান, দলটি নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা করছে কি না এবং কীভাবে একটি স্বচ্ছ প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্ত করা যেতে পারে।
নর্ডিক রাষ্ট্রদূতরা ইঙ্গিত দেন, আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে আন্তর্জাতিক মহলের আপত্তি থাকবে না। বরং এতে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র সমতল হবে বলে তারা মনে করেন। তবে বৈঠকের আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু আওয়ামী লীগের ভবিষ্যৎ নয়, বরং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে। নির্বাচনের আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন আগ্রহ দেশীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।




মন্তব্য করুন