ফেনীর সোনাগাজীতে একাধিক মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ও আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার একটি দল চিহ্নিত ডাকাত জাহেদুল ইসলাম রিপন (৩৮)-কে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় একটি শর্টগান, একটি ওয়াকিটকি এবং রিপনকে ছিনিয়ে নেয় হামলাকারীরা।
হামলায় এএসআই সাইদুর রহমান, এএসআই মোফাজ্জেল হোসেনসহ ছয় পুলিশ সদস্য আহত হন।
পরবর্তীতে, সোনাগাজী মডেল থানার অতিরিক্ত পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে রিপনকে পুনরায় গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, লুট হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার সত্যতা নিশ্চিত করছি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রিপনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
স্থানীয়রা এ ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।




মন্তব্য করুন