কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আগমন ঘিরে শহরের সড়কের পাশে জমে থাকা আবর্জনার স্তূপ কাপড়ের পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়। বুধবার (৮ অক্টোবর) সকালে তাঁর সফর উপলক্ষে নেওয়া এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সকাল ১০টার দিকে ঢাকা থেকে ট্রেনে ভৈরব স্টেশনে পৌঁছান উপদেষ্টা। পরে তিনি সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উদ্দেশে রওনা দেন। এর আগে স্টেশনের আশপাশের সড়কে জমে থাকা ময়লার স্তূপ আড়াল করতে কাপড়ের পর্দা টাঙানো হয় এবং দুর্গন্ধ কমাতে ব্লিচিং পাউডার ছিটানো হয়।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, “এতদিন ধরে পথচারীরা নাক চেপে চলাচল করেছে। অথচ আজ উপদেষ্টা আসবেন বলে ময়লার স্তূপ ঢেকে রাখা হলো।”

ঘোড়াকান্দা এলাকার ব্যবসায়ী সেলিম মিয়া জানান, রেলের পুকুরে দীর্ঘদিন ধরে ময়লা ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে জনজীবনে ভোগান্তি তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন প্রায় ৩০-৪০ টন আবর্জনা শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে এনে ওই সড়কের পাশে রেলওয়ের পুকুরে ফেলা হয়। এতে পুকুরের এক-তৃতীয়াংশ ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে।

ভৈরব পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম রোকন বলেন, “পৌরসভার নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় রেলের জায়গায় ময়লা ফেলতে হয়। প্রতিদিনই পরিষ্কার করা হয়, তবে আজ উপদেষ্টা আসবেন বলে পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে।”

Facebook Comments Box