বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে চার হাজার জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে।

গত ৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ থেকে চীফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো এক চিঠিতে এ নিয়োগের প্রস্তুতির কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব আবু সাঈদ। এর আগে ২১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এ সংক্রান্ত সম্মতিপত্র পাঠানো হয়েছিল।

চিঠিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে রাজস্বখাতে অস্থায়ীভাবে এএসআই (নিরস্ত্র) পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে বেশ কিছু শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে—হালনাগাদ সাংগঠনিক কাঠামো প্রেরণ, সরকারি আদেশের নির্দেশনা অনুসরণ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি মেনে চলা এবং সংশ্লিষ্ট বিধি-বিধান প্রতিপালন।

প্রশাসনিক সূত্র বলছে, নতুন এ নিয়োগ পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রমে গতি আনবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বাড়াবে। বিশেষ করে নির্বাচনী সময়ে নিরাপত্তা জোরদারে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box