ঢাকা: আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় ‘জুলাই সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্ত জানানো হয়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের বরাতে পোস্টে বলা হয়, “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।”

দলটির মতে, আইনি ভিত্তি ছাড়া এই অনুষ্ঠান কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং “জুলাই ঘোষণাপত্র”-এর মতো একপক্ষীয় দলিলে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। এনসিপি বারবার আইনি ভিত্তির প্রয়োজনীয়তা তুলে ধরলেও তা নিশ্চিত হয়নি।

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে এনসিপি জানিয়েছে, তারা পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে ভবিষ্যতে স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।

দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার সকালে ফেসবুকে একই বার্তা পুনরায় পোস্ট করেন।

এদিকে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে এনসিপির অনুপস্থিতি এবং অন্যান্য দলের শর্তসাপেক্ষ অবস্থান এই অনুষ্ঠানকে ঘিরে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে।

Facebook Comments Box