ঢাকা: ‘জুলাই সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় এক আহত যোদ্ধার শরীর থেকে খুলে পড়া কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
তিন দফা দাবিতে অবস্থান নেওয়া আহত যোদ্ধারা সংসদ ভবনের গেট ভাঙার চেষ্টা করলে পুলিশ ও এপিবিএন সদস্যরা বাধা দেয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে পা ও হাত হারানো যোদ্ধারাও ছিলেন।
লাঠিচার্জের পর আন্দোলনকারীরা কিছুদূর সরে গিয়ে পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। পুলিশ তখন সাউন্ড গ্রেনেড ও অতিরিক্ত টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
সংসদ ভবনের চারপাশে ছত্রভঙ্গ হয়ে ছোটাছুটি করতে থাকা আন্দোলনকারীদের একটি অংশ জুলাই সনদ অনুষ্ঠানের জন্য নির্মিত রাস্তার একটি বুথে আগুন ধরিয়ে দেয়।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আসাদগেট ও আশপাশের মোড়ে পুলিশ ও আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা গেছে।




মন্তব্য করুন