ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় শুক্রবার (১৭ অক্টোবর) যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার সকালে রাজধানীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “জুলাই যোদ্ধা নামে পরিচয় দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে। প্রকৃত জুলাই যোদ্ধারা এমন আচরণ করতে পারে না।”

উল্লেখ্য, দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া ‘জুলাই জাতীয় সনদ’ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করেন। তবে মতপার্থক্যের কারণে জাতীয় নাগরিক পার্টিসহ পাঁচটি দল স্বাক্ষর থেকে বিরত থাকে।

এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “এনসিপিসহ কয়েকটি দলের সনদে স্বাক্ষর না করার বিষয়টি নির্বাচনে বড় প্রভাব ফেলবে না। সনদে স্বাক্ষরের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে। আশা করি, তারা পরে যুক্ত হবে।”

তিনি আরও বলেন, “ধৈর্য, সহনশীলতা ও গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিমণ্ডলে সহনশীলতা বজায় রাখা জরুরি।”

Facebook Comments Box