সীতাকুণ্ড, চট্টগ্রাম: ধর্মীয় অনুশাসন সমাজে বিভেদ নয়, বরং সম্প্রীতির বন্ধন গড়ে তোলে—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী।

শুক্রবার সীতাকুণ্ডে অনুষ্ঠিত কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যদি আমরা যার যার ধর্মমতে ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে বিবেক-বর্জিত সম্পদ অর্জন কিংবা অন্যের ক্ষতি করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “কোনো ধর্মই খারাপ কাজের অনুমোদন দেয় না। বরং ধর্মীয় অনুশাসনই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার পথ দেখায়।”

বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, উপজাতি, চাকমাসহ ১৮ কোটিরও বেশি মানুষের বসবাস উল্লেখ করে তিনি বলেন, “এই ভূখণ্ডে আমাদের সকলের সমান অধিকার রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসব কঠিন চীবর দান ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে সমাজে শান্তি, মৈত্রী ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখে।”

উৎসবটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তঃসম্প্রীতির আবহে অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box