বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

অভিনেতার মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

চূড়ান্ত শুনানিতে আদালতে উল্লেখ করা হয়, সালমান শাহর মৃত্যুর দিন তার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ ছিল এবং ঘরে সিরিঞ্জ ও স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম পাওয়া যায়। এছাড়া পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও সিবিআইয়ের তদন্তে দেওয়া তথ্যে বড় ধরনের অসঙ্গতি ধরা পড়ে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। সে সময় তার মৃত্যু ‘আত্মহত্যা’ বলে দাবি করা হলেও পরিবার অভিযোগ করে যে এটি ছিল পরিকল্পিত হত্যা। আদালতের সর্বশেষ নির্দেশে মামলাটি নতুন করে হত্যাকাণ্ড হিসেবে তদন্তের পথ খুলে গেল।

Facebook Comments Box