ঢাকা, ২২ অক্টোবর ২০২৫ — ড্রাইভিং লাইসেন্স প্রদানের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরে জাতীয় সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, লাইসেন্স প্রদানের মূল ভিত্তি হবে প্রশিক্ষণ। এজন্য বিদ্যমান আনুষঙ্গিক কমিটিগুলো বাতিল করা হবে। নতুন নিয়মে লাইসেন্স পেতে হলে ন্যূনতম ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণকালীন ভাতা দেওয়ার ব্যবস্থাও থাকবে। তার মতে, “সড়ককে নিরাপদ ও যানজটমুক্ত করতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত চালক অপরিহার্য।”
তিনি আরও জানান, বিআরটিএকে নিয়ন্ত্রণমূলক সংস্থা থেকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। পাশাপাশি বিআরটিসি ও সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকেও চালকদের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকবে।
প্রশিক্ষণ হবে দুই ধাপে—প্রথমত সড়কের সাইন ও নিয়ম বোঝা, দ্বিতীয়ত গাড়ি নিয়ন্ত্রণের দক্ষতা অর্জন। এ ছাড়া শারীরিক সক্ষমতা যাচাই ও ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী মাস থেকেই এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
ফাওজুল কবির খান বলেন, ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনার অন্যতম কারণ। এসব যানবাহন ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে এবং এ প্রক্রিয়া আরও জোরদার করা হবে।
মোটরসাইকেল দুর্ঘটনা প্রসঙ্গে তিনি জানান, দেশে মোটরসাইকেলের ব্যবহার বাড়ছে, ফলে দুর্ঘটনা ও মৃত্যুর হারও বৃদ্ধি পাচ্ছে। এ ঝুঁকি কমাতে সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ১০ হাজার মানসম্মত হেলমেট আরোহীদের মধ্যে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সেতু সচিব মো. আবদুর রউফ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

মন্তব্য করুন