সাম্প্রতিক সময়ে একদিনে অস্বাভাবিক সংখ্যক জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ব্যাখ্যা চাওয়া বিচারপতিরা হলেন—বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি জাকির হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি বেঞ্চ থেকে একদিনে প্রায় ৮০০ মামলায় জামিন দেওয়ার বিষয়টি নজরে আসে। এ নিয়ে গত ২৩ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তারা প্রশ্ন তোলেন—একটি বেঞ্চে একদিনে এত মামলার শুনানি কীভাবে সম্ভব?

প্রধান বিচারপতি বিষয়টি গুরুত্ব দিয়ে বিচারপতিদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, যাতে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় থাকে।

Facebook Comments Box