২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবকের মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।

আদালত নির্দেশ দিয়েছে, মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। এর আগে, মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে পৃথক দুটি রিট দায়ের করা হয়। একটি রিটে নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর মেট্রোরেলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box