৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীক তালিকায় ব্যাপক সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গেজেটে ১৬টি পুরনো প্রতীক বাদ দিয়ে যুক্ত করা হয়েছে ২০টি নতুন প্রতীক। ফলে মোট প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯টি।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’’-এর সংশোধিত বিধি অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্ধারিত তালিকা থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রতীক বরাদ্দ পাবেন। এই তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক।
গত ২৫ সেপ্টেম্বর ইসি ১১৫টি প্রতীক নিয়ে একটি গেজেট প্রকাশ করেছিল। সর্বশেষ সংশোধনীতে বাদ পড়েছে—ফ্রিজ, বেঞ্চ, ফুলের টব, তরমুজ, বাঁশি, টিফিন ক্যারিয়ার, কলা, খাট, চার্জার লাইট, তবলা, বেগুন, বেলুন, লাউ, শঙ্খ, স্যুটকেস ও উটপাখি।
নতুনভাবে যুক্ত প্রতীকগুলো হলো—শাপলা কলি, টেবিল ল্যাম্প, টর্চ লাইট, ফুলের ঝুড়ি, পালকি, পানির ট্যাব, পাগড়ি, দোতলা বাস, বৈদ্যুতিক বাল্ব, মোটরসাইকেল, সিঁড়ি, সূর্যমুখী, হ্যান্ডশেক, ড্রেসিং টেবিল, তালা, বেবি টেক্সি, রেল ইঞ্জিন, চিরুনি, ট্রাক্টর ও উট।
এই সংশোধনী নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার আওতায় ১৯৭২-এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুসারে জারি করা হয়েছে। সংশোধিত বিধি ৯-এর উপবিধি (১) অনুযায়ী, স্থগিতকৃত প্রতীক বাদে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে বরাদ্দ দেওয়া হবে।

মন্তব্য করুন