ঢাকা, ২ নভেম্বর ২০২৫: জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি সরাসরি প্রতিবাদের পথে নামে, তবে বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার সকালে রাজধানীতে বিএনপির অঙ্গসংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, তা জনগণ বুঝে গেছে। প্রধান উপদেষ্টা ও সরকার এ বিষয়ে নীরব থাকলেও বিএনপি এখনো ধৈর্য ধরেছে। আমরা প্রতিবাদে গেলে সরকার টিকবে না।”

গয়েশ্বর আরও বলেন, বিএনপি আপাতত জনগণের সামনে বক্তব্য তুলে ধরছে এবং সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। তবে তিনি অভিযোগ করেন, বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করছে। তার ভাষায়, “আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। দলগুলোকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গয়েশ্বরের এই বক্তব্য আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে। বিশেষ করে জুলাই সনদকে ঘিরে বিরোধী দলগুলোর অবস্থান এবং সরকারের নীরবতা রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলছে।

Facebook Comments Box