ঢাকা, ৪ নভেম্বর ২০২৫:
যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে যেসব বন্দি রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সময় সাজা ভোগ করেছেন, তাদের মধ্যে ৩৭ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (নং-১৪৩) জারি করা হয়েছে, যা এক-দুই দিনের মধ্যে কার্যকর হবে।
কারা অধিদপ্তরের তথ্যমতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের কমিটি জেলা কারাগারগুলোর সুপারিশের ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করেছে। কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী, এসব বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, “যাদের সাজা ৩০ বছর বা যাবজ্জীবন ছিল, তাদের মধ্যে যেসব বন্দি রেয়াতসহ ২০ বছর অতিক্রম করেছেন, তাদের মামলা বিচারিকভাবে পর্যালোচনা করা হয়েছে। বয়স, আচরণ ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে সরকার তাদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি আরও বলেন, “এই ৩৭ জনের মধ্যে কারও অবশিষ্ট সাজা ছিল ১০ বছর, কারও ৭ বা ৬ বছর। সবগুলোই মওকুফ করা হয়েছে। যদিও প্রস্তাবে নারী-পুরুষ উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছিল, চূড়ান্ত তালিকায় কোনো নারী বন্দি নেই।”
এই সিদ্ধান্তকে মানবিক ও পুনর্বাসনমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




মন্তব্য করুন