দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার বিকেলে রাজধানীতে এক কর্মসূচিতে এই ঘোষণা দেওয়া হয়।
এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বিকেলে তারা মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে যাত্রা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
শিক্ষকদের অভিযোগ, বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালায়, এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হন এবং দু’জনকে আটক করা হয়।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন,
“আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। অর্ধশতাধিক শিক্ষক রক্তাক্ত হয়েছেন।”
অন্যদিকে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান,
“শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে মিছিল ছত্রভঙ্গ করা হয়।”
সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো:
১. দশম গ্রেডে বেতন প্রদান
২. শতভাগ বিভাগীয় পদোন্নতি
৩. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান
এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।




মন্তব্য করুন