শনিবার (৮ নভেম্বর) রাতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬২ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। একইসঙ্গে গণঅধিকার পরিষদের দুই নেতাও দলটিতে যুক্ত হন।

অনুষ্ঠানে নবাগতদের হাতে ফুল তুলে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন জয়কা ইউনিয়নের যুবদল নেতা আল হারুন, বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেলসহ মোট ৬২ জন। গণঅধিকার পরিষদ থেকে যোগ দিয়েছেন আব্দুল জব্বার এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুছলেহ উদ্দিন সুমন, উপজেলা আমির আবুল কাশেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ, সেক্রেটারি নাজিম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, জয়কা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন আমির শেখ ফরিদ এবং উপজেলা ছাত্রশিবির সভাপতি মুসাব্বিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিজ দলত্যাগের কারণ ব্যাখ্যা করে যুবদল নেতা আল হারুন বলেন,
“২০০৯ সাল থেকে যুবদলের রাজনীতিতে যুক্ত থাকলেও বর্তমান বিএনপির অবস্থান ও নীতির সঙ্গে আমার মতের অমিল হয়েছে। বিভিন্ন দল বিশ্লেষণ করে দেখেছি, জামায়াতে ইসলামীই একমাত্র ইনসাফভিত্তিক রাজনীতি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের নেতৃত্ব প্রতিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করেছে।”

নবাগতদের স্বাগত জানিয়ে অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন,
“ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই আমাদের প্রধান শক্তি। বিএনপি থেকে আসা নেতাকর্মীরা সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করবো।”

অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’র বিজয় নিশ্চিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Facebook Comments Box