ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বুধবার): দীর্ঘ রাজনৈতিক জীবন ও কারাভোগের অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে দেওয়া পোস্টে তিনি ব্যক্তিগত স্মৃতি, রাজনৈতিক মামলা এবং জেলজীবনের নানা দিক তুলে ধরেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ঢাকা জেলে থাকাকালে মেয়ের সঙ্গে দেখা করার সময় একটি ব্যাগ উপহার দেন। ব্যাগটি তৈরি করেছিলেন এক বন্দি, যাকে তিনি প্রশ্ন করেননি কেন বা কল্পনায় কাকে রেখে এটি বানানো হয়েছিল।

তিনি লিখেছেন, গত ১৫ বছরে মিথ্যা মামলায় লাখো কর্মী কারাবন্দি হয়েছেন। তার নিজের জেলার হাজারো তরুণের জীবন শেষ হয়ে গেছে। ফখরুল জানান, তিনি নিজে আওয়ামী লীগের করা ১১০টির বেশি মামলার আসামি ছিলেন—যার মধ্যে হত্যা থেকে শুরু করে ময়লার গাড়ি পোড়ানোর অভিযোগও ছিল। এসব মামলাকে তিনি মিথ্যা বলে দাবি করেন।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, “আমি জেলে দেখেছি আমাদের ছেলেদের ওপর কী ভয়াবহ অত্যাচার হয়েছে। তাদের শরীরজুড়ে দাগ, পড়াশোনা হয়নি, সংসার হয়নি, পরিবার সর্বস্বান্ত হয়েছে। যারা মাঠের রাজনীতি করে না, তারা কোনোদিন জানবে না এদের সংগ্রাম।”

তিনি দাবি করেন, প্রতিটি রাজনৈতিক নেতা ও কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। ফখরুল বলেন, “আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। আমরা ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”

শেষে তিনি আশা প্রকাশ করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

Facebook Comments Box