ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বুধবার):
রাজধানীর মধ্য বাড্ডার কমিশনার গলিতে সকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন মামুন শিকদার (৩৯)। তিনি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামের বাসিন্দা।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল ১১টার দিকে একটি মেসের নিচতলায় মামুনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামুন একজন শ্রমজীবী ছিলেন। তবে তিনি যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, সেখানে বসবাস করতেন না। কে বা কারা তাকে গুলি করেছে তা এখনও নিশ্চিত নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।
এর আগে গত সোমবার রাজধানীর সূত্রাপুরে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। ওই ঘটনায় ইতোমধ্যে দুই শুটারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ক্রমাগত নৃশংস হত্যাকাণ্ডে রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন