টাঙ্গাইল, ১২ নভেম্বর ২০২৫ (বুধবার রাত): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘বাংলা স্টার’ নামের বাসটি ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আতঙ্কে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।

স্থানীয়রা খবর দিলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box