বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে জমে উঠেছে, তার সমাধান দিতে পারে কেবল একটি নির্বাচিত সরকার। শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের প্রধান প্রত্যাশা হলো একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে উৎসবমুখর নির্বাচন আয়োজন করা। ছোটখাটো বিষয়ে মানুষের আগ্রহ নেই; সবার লক্ষ্য এখন নির্বাচনকে কেন্দ্র করেই।

শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর প্রসঙ্গে আমীর খসরু বলেন, “রায় কোন দিকে যাবে তা সম্পূর্ণভাবে বিচারবিভাগের ওপর নির্ভরশীল। তাই বিচারব্যবস্থার প্রতি সবার আস্থা রাখা উচিত।”

এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। সেমিনার উদ্বোধনের পর তিনি মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এ সামিটে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা অংশ নেন।

Facebook Comments Box