লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর দুর্বৃত্তরা জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া গেছে। স্থানীয়রা ধারণা করছেন, প্রতিপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

একসময় জহির মাদক ব্যবসা ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে পরে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, “ঘটনাটি আমার জানা নেই, খোঁজ নিচ্ছি।”

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জহিরকে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনো বলা যাচ্ছে না।”

Facebook Comments Box