ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে স্থানীয় প্রশাসনে ডিসি-এসপিসহ সকল পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “নির্বাচনের মাঠ সমতল করতে হলে প্রশাসনে কোনো বিশেষ দলের প্রতি আনুগত্যশীল কর্মকর্তা রাখা যাবে না।”
রোববার সকালে মগবাজার আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের কিছু পদক্ষেপ দেখে মনে হচ্ছে তারা একটি বিশেষ দলকে খুশি করার চেষ্টা করছে। তিনি বলেন, “সরকার যদি নিরপেক্ষতা বজায় রাখে, তাহলে ৮ দল সহযোগিতা অব্যাহত রাখবে। জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং জুলাই জাতীয় সনদের সংস্কার বাস্তবায়ন জরুরি।”
চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি জানান, জামায়াতসহ ৮ দল ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতে ৫ দফা গণদাবি উপস্থাপন করেছে। এই দাবিগুলো বাস্তবায়নে আন্দোলন অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছিলাম, কিন্তু তা উপেক্ষিত হয়েছে। একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে সংকট সমাধান না হয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে।”
বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও অন্যান্য দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা প্রধান উপদেষ্টার ভাষণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তা উপস্থাপনের সিদ্ধান্ত নেন।

মন্তব্য করুন