ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫: পুনর্বিবেচনার আবেদন করার পর নির্বাচন কমিশন (ইসি) তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দলকে নিবন্ধনের জন্য পর্যালোচনায় রেখেছে। একই সঙ্গে আরও ছয়টি দলকে পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, রিভিউর জন্য আবেদন করা সাতটি দলকে পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়েছে। দলগুলো হলো—বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ (শাজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল এবং জনতার দল।

শেষ মুহূর্তে নিবন্ধন পেলে এসব দল সুবিধাবঞ্চিত হবে কি না জানতে চাইলে সচিব বলেন, “যদি কেউ শেষ মুহূর্তে নিবন্ধন পায়, তাহলে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাবে না। এটা বাস্তবতা।”

চলতি মাসের শুরুতে ইসি ভবনের সামনে আমরণ অনশন শুরু করেছিলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। তিনি অভিযোগ করেন, নিবন্ধনের সব যোগ্যতা পূরণ করলেও তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় দলটি বঞ্চিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিএনপি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল তারেক রহমানের প্রতি সংহতি জানিয়ে আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার আহ্বান জানিয়েছিল। প্রায় ১৩৩ ঘণ্টা পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙেন তারেক। আজ ইসি জানাল, তাঁর দলকে নিবন্ধনের জন্য পর্যালোচনায় রাখা হয়েছে।

Facebook Comments Box