ঢাকা, ২১ নভেম্বর:
আজ শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সংকটকালে অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনা, নৌ ও বিমান বাহিনী অসামান্য ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে গত বছরের রাজনৈতিক পরিবর্তনের সময় আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়লে জননিরাপত্তায় আস্থার প্রতীক হয়ে ওঠে সশস্ত্র বাহিনী। অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলায় তাদের সফল অভিযান জনমনে স্বস্তি ফিরিয়ে আনে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বড় অংশীদার হিসেবে বাংলাদেশ বাহিনী বিশ্ব শান্তির প্রতীকও বটে। এমন প্রেক্ষাপটেই আজ উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা ২১ নভেম্বর সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী ও দেশপ্রেমিক জনতার অংশগ্রহণে এই আক্রমণ বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই স্মারকেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, “দেশের পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করেছে। এতে মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষার কাজ তাদের মূল দায়িত্ব নয়, এতে প্রশিক্ষণ ব্যাহত হতে পারে। তাই দ্রুত মূল দায়িত্বে ফিরে যাওয়াই বাহিনীর জন্য মঙ্গল।”
সংশ্লিষ্টরা মনে করেন, সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক। নানা গুজব ছড়ালেও বাহিনী আগের যেকোনো সময়ের তুলনায় আরও ঐক্যবদ্ধ। সেনা সদর দপ্তরের আর্টডক কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান সম্প্রতি বলেছেন, বাহিনীর সদস্যরা এখন আরও বেশি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
আইএসপিআর জানিয়েছে, দিবস উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌ-ঘাঁটি ও বিমান ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। সকালে তারা ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণও পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধান উপদেষ্টা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন এবং ১০১ জনকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। বিকালে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।




মন্তব্য করুন