ঢাকা, বুধবার (২৬ নভেম্বর ২০২৫): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) বদলি করা হয়েছে। একই সঙ্গে ৩৩ কর্মকর্তাকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন পদায়নকৃত কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মকর্তাদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে লটারির মাধ্যমে জেলার দায়িত্ব বণ্টন করা হয়।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হলেও কোনো মেধাবী বাদ পড়েননি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে।” তিনি আরও জানান, লটারির মাধ্যমে শুধু কে কোন জেলায় দায়িত্ব পালন করবেন তা নির্ধারণ করা হয়েছে।
নতুন এসপিদের দায়িত্ব গ্রহণের পর মাঠপ্রশাসনে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সরকার জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হবে।




মন্তব্য করুন