রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত রোববার রাত ৮টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। এছাড়া তার পাশে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। বিএনপি নেতাকর্মীরা তার সুস্থতার জন্য দোয়া করছেন।

Facebook Comments Box