খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নতুন বাজার চর মসজিদ গলির বাসিন্দা মো. হাসিব হাওলাদার এবং রূপসা উপজেলার বাগমারা গ্রামের মো. রাজন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা আদালতে একটি মামলার হাজিরা শেষে বের হওয়ার পরপরই ৩/৪ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একজন মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান। এরপর হামলাকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত.ম. রোকনুজ্জামান বলেন, “দুর্বৃত্তরা আদালত এলাকায় গুলি করে দুইজনকে হত্যা করেছে। কী কারণে এই হামলা এবং কারা জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।”

জনাকীর্ণ আদালত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন হত্যাকাণ্ডে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে তৎপরতা চালাচ্ছে।

Facebook Comments Box