গাজীপুর জেলা ও মহানগরের তিনটি স্থানে সোমবার সকালে একযোগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও শতাধিক বাসা ও ঝুট-তুলার গোডাউন পুড়ে গেছে।

সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘির উত্তরপাড় এলাকায় তিনটি টিনসেট কলোনিতে আগুন লাগে। দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে শতাধিক রুম পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ কোটি টাকার মতো। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নজর দীঘি এলাকায় ভোর রাতে একটি ঝুট গোডাউনে আগুন লেগে গোডাউনের সমস্ত মালামাল পুড়ে যায়।

এছাড়া পুবাইলের মাঝুখান এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, ঝুট গোডাউনের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। একই দিনে আরও দুটি স্থানে আগুন লাগায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন।

Facebook Comments Box