জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকার মিরপুরে জুলাই শহীদ পরিবারের জন্য ১,৫৬০টি ফ্ল্যাট নির্মাণ, মেট্রোরেল লাইন-৬ প্রকল্পের তৃতীয় সংশোধনী, চট্টগ্রাম অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন, মানসম্পন্ন আলু বীজ উৎপাদন ও সংরক্ষণ, গ্যাসের তিনটি অনুসন্ধান কূপ খনন, সচিবালয় ও মন্ত্রীদের আবাসিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং সিরাজগঞ্জ-রায়গঞ্জ মহাসড়ক উন্নয়ন।
এছাড়া নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্স আরবান ডেভেলপমেন্ট, অটিজম ও এনডিডি সেবা প্রদান, জাপান হিউম্যান ডেভেলপমেন্ট স্কলারশিপ, ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবনী ইকো সিস্টেম উন্নয়ন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ও গবেষণাগার উন্নয়ন, ক্লাইমেট রেসপনসিভ রিপ্রডাকটিভ হেলথ প্রকল্প, বায়োটেক গবেষণা কেন্দ্র স্থাপন, স্বাস্থ্য অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক উন্নয়ন এবং সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প অনুমোদিত হয়েছে।
পরিকল্পনা উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের তফসিল হলেও একনেক ও মন্ত্রিপরিষদ বৈঠক চলবে। তবে সচিবালয়ে নতুন ভবন নির্মাণ এবং স্বাস্থ্য খাতের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়নি; এগুলো পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে।

মন্তব্য করুন