ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার রাতে যান তিন বাহিনীর প্রধান।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাত ৯টার পর হাসপাতালে পৌঁছান। তারা সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

৭৯ বছার বয়সী খালেদা জিয়া গত কয়েক মাস ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ ও আর্থ্রাইটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর চিকিৎসার জন্য শিগগিরই চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসার কথা রয়েছে। হাসপাতালে তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ-এর সদস্যরা।

বিএনপির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তিন বাহিনীপ্রধানের এ সৌজন্য সাক্ষাৎকে অনেকে রাজনৈতিক ও প্রটোকলগত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

Facebook Comments Box