নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নাসির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গত রোববার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামে এ ঘটনার সূত্রপাত হয়। নাসিরের পালিত কবুতরের বাচ্চা প্রতিবেশী আসাদুল্লাহর বিড়ালে খেয়ে ফেললে তিনি প্রতিবাদ জানাতে তাদের বাড়িতে যান। এতে কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং পরে ধারালো অস্ত্রের আঘাতে নাসির গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। নিহত নাসির মৃত আমজাদ আলীর ছেলে।

প্রতিপক্ষের মধ্যে আসাদুল্লাহ, তার স্ত্রী জুলেখা আক্তার বেবি, ছেলে আবির ও অভি, রকমত উল্লাহর ছেলে রাসেলসহ আরও কয়েকজন হামলায় জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর নিহতের ভাই আক্তার হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

Facebook Comments Box