বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন; বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে।
বাংলাদেশে পৌঁছানোর পর জোবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন বলে জানা গেছে। এদিকে কাতার জানিয়েছে, প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স দিতে তারা প্রস্তুত।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।
বুধবার বিএনপির প্রেস উইং জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত ২৪ ঘণ্টায়। চিকিৎসকরা তার অবস্থাকে স্থিতিশীল মনে করছেন। একইদিন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হন।
নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বর্তমানে তিনি কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
পহেলা ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে। এর মধ্যে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে জোবাইদা রহমানও রয়েছেন।
বুধবার যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল এই মেডিকেল বোর্ডে যোগ দিয়েছে।

মন্তব্য করুন