কারিগরি ত্রুটির কারণে একদিন পিছিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ঢাকায় আসছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় এই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকার কাতার দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে কাতার সরকারের পক্ষ থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে ঢাকায় আসতে না পারায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সব প্রস্তুতি স্থগিত হয়ে যায়। কাতার দূতাবাস সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে জার্মান এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বার্তায় জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসেনি। সব ধরনের প্রস্তুতি ঠিক থাকলে এটি আগামীকাল, শনিবার পৌঁছাবে। তিনি আরও বলেন, মেডিকেল বোর্ড অনুমতি দিলে এবং বেগম জিয়ার শারীরিক অবস্থা অনুকূলে থাকলে রোববার (৭ ডিসেম্বর) তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করতে পারেন।

বিএনপির মিডিয়া সেল তাদের নিজস্ব ফেসবুক পেজে জানিয়েছে, বিশেষ অ্যাম্বুলেন্সটি দেরিতে পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসনের লন্ডনযাত্রার প্রস্তুতিতে বাড়তি সময় লাগছে। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিয়ে যেতে প্রস্তুত দলটি।

Facebook Comments Box