খুলনার রূপসা উপজেলার একটি পুলিশ ফাঁড়ির বাথরুমের সিলিং থেকে ফেরদৌস হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে। কী কারণে তার মৃত্যু হলো, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি; পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
মৃত ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা থেকে কনস্টেবল ফেরদৌস হোসেনকে ফাঁড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সহকর্মীরা তাকে নানা জায়গায় খোঁজাখুঁজি করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে মধ্যরাতে ফাঁড়ির বাথরুমের ভেতরে সিলিংয়ের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি মাহফুজুর রহমান আরও বলেন, “মৃত্যুর সঠিক কারণ আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

মন্তব্য করুন