মাগুরায় মধ্যরাতে পৃথক নাশকতামূলক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে সরকারি দুটি গুরুত্বপূর্ণ কার্যালয়। শনিবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক তিনটার দিকে দুষ্কৃতিকারীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং সরকারি সাব রেজিস্ট্রার অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে দুই দপ্তরের জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল, কম্পিউটার ও নথিপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।

সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের প্রধান আসমা আক্তার সাংবাদিকদের জানান, রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা অফিসের পিছনের জানালা ভেঙে ভবনের নিচতলায় বোমা নিক্ষেপ করে। এতে সেখানকার কম্পিউটার, আসবাবপত্রসহ জমি জমা সংক্রান্ত অনেক দলিল ও নথি পুড়ে নষ্ট হয়ে যায়।

একই সময়ে শহরের ইসলামপুর পাড়ায় অবস্থিত সরকারি সাব রেজিস্ট্রার কার্যালয়েও পেট্রোল বোমা হামলা চালানো হয়। এ বিষয়ে সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা শুভ্রা রানী দাস বলেন, দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় রেজিস্ট্রি কার্যালয় সংলগ্ন দলিল লেখকদের অফিসসহ কার্যালয়ের নিচতলা পুড়ে যায়। এতে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ও দলিল পুড়ে ছাই হয়ে গেছে।

মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন লিডার মোহাম্মদ আলিম মোল্লা নিশ্চিত করেন, রাত তিনটার দিকে পেট্রোল বোমার মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুটি প্রতিষ্ঠানের দলিল, প্রয়োজনীয় নথি, আসবাবপত্র ও বৈদ্যুতিক লাইনে বড় ধরনের ক্ষতি হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা ভূমি কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তারা জানান, প্রায় একই সময়ে সাব রেজিস্ট্রার অফিসেও দুর্বৃত্তরা আগুন দেয়।

এদিকে ঘটনার পর মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান এবং জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার বলেন, “আমরা তদন্ত কমিটি করব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।” জেলা প্রশাসক জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে তাৎক্ষণিক তদন্তের ব্যবস্থা করা হচ্ছে।

Facebook Comments Box