আসন্ন সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীকে ‘আল্লাহর পাঠানো ফেরেশতা’ হিসেবে অভিহিত করে বিতর্ক সৃষ্টি করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এক স্থানীয় বিএনপি নেতা। প্রার্থীর উপস্থিতিতেই দেওয়া এই বক্তব্যে দলীয় রাজনীতি ও জাতীয় নেত্রী সম্পর্কেও কঠোর মন্তব্য করা হয়, যা নিয়ে অস্বস্তিতে পড়েছেন জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে জেলার ভোলাহাট উপজেলার কালিতলা বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ-মাহফিলে এই বক্তব্য দেন ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আল হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলাম।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আল হেলাল বলেন, “আলহাজ্ব আমিনুল ইসলাম আমাদের গর্ব। আপনারা সবাই জানেন, মনে হচ্ছে তিনি আল্লাহর ফেরেশতা, তাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি সবার কাছে ভালো, সবাই তাকে সম্মান করেন।” এ সময় তিনি আরও বলেন, যদি কেউ প্রমাণ করতে পারেন আমিনুল ইসলাম সংসদ সদস্য থাকাকালীন কোনো অনিয়ম-দুর্নীতি করেছেন, তবে তিনি নিজেই রাজনীতি ছেড়ে দেবেন।
একইসঙ্গে বক্তব্যকালে আল হেলাল দেশের আরেকজন শীর্ষ নেত্রীকে ইঙ্গিত করে কড়া রাজনৈতিক আক্রমণ করেন এবং সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের জন্য কাজ করার আহ্বান জানান।
এদিকে, দলের প্রার্থীর উপস্থিতিতে একজন স্থানীয় নেতার এমন অসংলগ্ন ও বিতর্কিত মন্তব্যে বিব্রত জেলার শীর্ষস্থানীয় নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির একজন নেতা সময় সংবাদকে বলেন, “বক্তব্যটি শুনে আমি খুবই অবাক হয়েছি। দলের মনোনীত প্রার্থীর উপস্থিতিতে এমন বক্তব্য দেওয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সব নেতাকর্মীকে আরও বেশি সতর্ক হতে হবে। বিএনপি সবসময়ই এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।”

মন্তব্য করুন