রাজধানীর ডেমরায় সিটি করপোরেশনের একটি বেপরোয়া ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। এতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ইরাম রেদওয়ান (২৫) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অপু আহমেদ (২৫) নিহত হন।
নিহত দুইজনই অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গভীর রাতে ডেমরার কোনাপাড়া এলাকায় তাদের মোটরবাইকে ধাক্কা দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঘাতক ট্রাকটি।
বন্ধুদের তথ্যমতে, ইরাম ও অপু একটি বিয়ের গায়েহলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে নিজেদের বাসায় ফিরছিলেন। তারা ডেমরা থানাধীন চিটাগাং রোড এলাকায় থাকতেন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রথমে অপু এবং অল্প কিছুক্ষণের মধ্যেই ইরাম মারা যান।
পুলিশ ইতোমধ্যে ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) আটক করেছে। মরদেহ দুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সড়কে সিটি করপোরেশনের গাড়ির কারণে বারবার প্রাণহানির ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গাড়ির চালকদের লাইসেন্স ও ফিটনেস পরীক্ষার দাবি উঠেছে।




মন্তব্য করুন