গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। হাদির শারীরিক অবস্থার অবনতি হলে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলেও সরকার সেই ব্যবস্থা নেবে বলে জানান প্রধান উপদেষ্টা।
ওসমান হাদির ওপর নৃশংস হামলার ঘটনাটিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, এ হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং ঘটনার আদ্যোপান্ত বিশ্লেষণের জন্য পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
সাক্ষাৎকালে ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক ও বোন মাসুমাসহ ইনকিলাব মঞ্চের তিন নেতা উপস্থিত ছিলেন। হাদির বোন আবেগঘন কণ্ঠে বলেন, ‘ওকে বেঁচে থাকতে হবে, কারণ ও আমাদের মেরুদণ্ড।’ তিনি বিপ্লবী সরকারকে অনুরোধ জানান, যে করেই হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে হবে—নতুবা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশ্ন তোলেন, যে ছেলেটি গুলি করেছে, সে পূর্বের একটি মামলা থেকে কোন প্রক্রিয়ায় জামিন পেল, তা তদন্ত করা হোক। অন্য নেতা ফাতেমা তাসনিম জুমা জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানসহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন