১৩ ডিসেম্বর, শনিবার:
—
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলাকারীদের ধরতে এবার ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই বিপুল অঙ্কের পুরস্কারের কথা জানিয়েছেন। নির্বাচন বানচাল বা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এমন আক্রমণ ঘটানো হয়েছে বলে ঘটনাটিকে দেখছেন তিনি।

শনিবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। এ ধরনের সহিংসতা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র।

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। ঘটনার পরপরই রাজধানীতে হামলাকারীদের গ্রেপ্তারে জোর অভিযান শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজগুলো নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এর ভিত্তিতে ইতোমধ্যে ছবির একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুলিশ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিষয়ে কোনো তথ্য বা তার সন্ধান মিললে দ্রুত ডিসি মতিঝিল বা ওসি পল্টন অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ যোগাযোগ করতে। তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও ডিএমপি নিশ্চিত করেছে।

Facebook Comments Box