নারায়ণগঞ্জ জেলা কারাগারে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে কারা কর্তৃপক্ষকে হারিয়ে বিজয়ী হয়েছে বন্দিদের দল। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে তীব্র লড়াইয়ের পর ১-০ গোলের ব্যবধানে জয় পায় কারাবন্দিরা। কর্তৃপক্ষের এমন ব্যতিক্রমী উদ্যোগ কারাগারের ভেতরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

ম্যাচে কারা কর্তৃপক্ষের পক্ষে জেল সুপার, জেলার এবং ডেপুটি জেলারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে নামেন। তাদের বিপক্ষে লড়াই করে বাছাই করা বন্দিদের একটি চৌকস দল। পুরো সময় জুড়ে গ্যালারিতে থাকা অন্য বন্দিদের করতালিতে মুখরিত ছিল খেলার মাঠ। দ্বিতীয়ার্ধে রিয়াজ নামের এক হাজতির করা একমাত্র গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

দীর্ঘদিন বন্দি জীবনে থাকা মানুষদের জন্য এই ম্যাচটি ছিল এক পশলা স্বস্তির মতো। প্রায় দুই দশক ধরে কারাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সুজন জানান ২০ বছরের কারাজীবনে তিনি এমন আনন্দের মুহূর্ত আগে কখনো অনুভব করেননি। এই আয়োজনের মাধ্যমে তারা যেন আক্ষরিক অর্থেই বিজয় দিবসের প্রকৃত স্বাদ পেয়েছেন।

কারাগারকে কেবল শাস্তির কেন্দ্র হিসেবে নয় বরং সংশোধনাগার হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ এটি বলে জানান জেল সুপার ফোরকান ওয়াহিদ। তিনি মনে করেন খেলাধুলা ও বিনোদন বন্দিদের মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে এবং কর্তৃপক্ষের সঙ্গে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে সাহায্য করে।

বিজয় দিবস উপলক্ষে ওই দিন বন্দিদের জন্য উন্নতমানের খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়। মেনুতে ছিল পায়েস, পোলাও, খাসি ও গরুর মাংসসহ বৈচিত্র্যময় সব আয়োজন। ফুটবল ম্যাচের পাশাপাশি কারাবন্দিদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও কবিতার সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

Facebook Comments Box