বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক ব্যতিক্রমী ডিজিটাল প্রচারণার ঘোষণা দিয়েছে বিএনপি। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত এই রিলস মেকিং প্রতিযোগিতার বিজয়ীরা সরাসরি তারেক রহমানের সঙ্গে সাক্ষাত ও ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ পাবেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন এই নতুন কর্মসূচির বিস্তারিত জানান। তিনি বলেন দেশ ও প্রবাসের সব পেশার মানুষ তাদের নিজস্ব ভাবনা বা পরিকল্পনা এক মিনিটের ভিডিও রিলস আকারে জমা দিতে পারবেন।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা গান, সংলাপ, স্যাটায়ার কিংবা অ্যানিমেশনের মাধ্যমে তাদের মতামত তুলে ধরতে পারবেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে সেরা ১০ জনকে নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য প্রধান আকর্ষণ থাকছে তারেক রহমানের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের চিন্তাকে গুরুত্ব দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের ভাবনাকে নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দিতে বিএনপি এই প্ল্যাটফর্ম তৈরি করেছে। যা আগামীতে দল ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দিন পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। সংবাদ সম্মেলনে বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি ও মিডিয়া সেলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা মনে করেন এই কর্মসূচির মাধ্যমে দেশ গড়ার মহাপরিকল্পনায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে।




মন্তব্য করুন