দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে এই কার্যক্রমকে বাধ্যতামূলক করা হয়েছে।
মাউশির উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) এই সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে তাদের নিজস্ব সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের একটি পূর্ণাঙ্গ ক্যালেন্ডার প্রণয়ন করতে হবে।
নতুন এই নির্দেশনার আওতায় ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতার পাশাপাশি সৃজনশীল চর্চায় গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা ও ইংরেজিতে বক্তৃতা, বিতর্ক, কুইজ এবং দেয়ালিকা তৈরির মতো বিষয়গুলো। এছাড়া নজরুল ও রবীন্দ্র সংগীতসহ লোকগীতি এবং গ্রাফিতি অঙ্কনকেও তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।
মাউশি জানিয়েছে, জানুয়ারি থেকে শুরু হয়ে এই কার্যক্রম পুরো বছরজুড়ে চলবে। প্রতিটি প্রতিষ্ঠানকে চারটি হাউসে বিভক্ত হয়ে রুটিনের সঙ্গে সমন্বয় করে এই কর্মসূচি পালন করতে হবে। এছাড়া স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ও বিতর্ক ক্লাবের কার্যক্রম পরিচালনায় বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন